সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » বিবিধ » বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে হবে আন্তর্জাতিক সম্মেলন
পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মহাবিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সুন্দরবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে একটি জাহাজে আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ বন বিভাগের আয়োজনে আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি) এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী।
বন বিভাগ ও আইইউসিএন সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা।
এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট সেভ-এর বার্ষিক এ সম্মেলনে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করা হবে।
বন বিভাগ জানায়, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএনের যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। আইইউসিএনের সর্বশেষ তথ্যানুযায়ী, বর্তমানে দেশে শকুনের সংখ্যা ২৪৮টি। অথচ চার থেকে পাঁচ দশক আগেও দেশে প্রায় ৫০ হাজার শকুন ছিল। সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ বিভিন্ন এলাকা এবং সিলেট অঞ্চলে এসব শকুনের দেখা মেলে।
আইইউসিএন সূত্র জানায়, এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘সেভিং এশিয়াস ভলচার্স ফ্রম এক্সটিংশন’ (সেভ)। সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুন সংরক্ষণে কাজ করছে।
আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহাবিপন্ন শকুনের বিলুপ্তি ঠেকাতে এশিয়া অঞ্চলে ২০১১ সাল থেকে কাজ করছে সেভ। এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এবারই প্রথম সুন্দরবনে জাহাজে বসে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরও জানান, সম্মেলনে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, শকুন সংরক্ষণে ‘সেভ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংস্থাটির আন্তর্জাতিক বার্ষিক সভা এবারই প্রথম সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের একত্র করে গবেষণা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন এ পাখির সংখ্যা পুনরুদ্ধারে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় মৃত প্রাণীর দেহাবশেষ দ্রুত অপসারণ করে শকুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ পাখির বিলুপ্তি রোধে নিরাপদ খাদ্য, আবাসস্থল ও প্রজনন নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।






পাইকগাছা পৌরসভার ১১ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ
আকভান এর প্রভাবে টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 