বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » একুশে ফেব্রুয়ারি ভাষার প্রতি ভালবাসার দিন
একুশে ফেব্রুয়ারি ভাষার প্রতি ভালবাসার দিন
প্রকাশ ঘোষ বিধান
একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে একটি চিরস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বের প্রতিটি মানুষের নিজের ভাষায় কথা বলার মৌলিক অধিকার রক্ষার এক চিরন্তন প্রতীক। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, জাতীয়তাবাদ এবং ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার এক গৌরবোজ্জ্বল প্রতীক।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবীতে রক্ত দিয়ে বাঙালিরা পুলিশের গুলিতে শহীদ হন, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বীজ বপন করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ইউনেস্কোর এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করল এবং বাংলাদেশের ভাষা আন্দোলনের উজ্জ্বল অধ্যায়টি বিশ্ব ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ে পরিণত হলো। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯৩টি দেশে দিবসটি নিজ নিজ মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার মাধ্যমে পালিত হচ্ছে। বিশ্বব্যাপী ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় দিন। এটি মাতৃভাষার প্রতি শ্রদ্ধার একটি দিন এবং সব ভাষার প্রতি সম্মান প্রদর্শন ও রক্ষার শপথ নেওয়ার দিন।
বাঙালির আত্ম মর্যাদা প্রতিষ্ঠার এক গৌরবময় দিন ২১ শে ফেব্রুয়ারি। ৯৫২ সালের ৮ ফাল্গুন ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলনরত রফিক, সালাম, বরকত, জব্বারসহ অনেকের রক্তের বিনিময়ে ভাষার অধিকার অর্জিত হয়েছিল। ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের সূচনা হয়, যা পরে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।
ভাষার মাস হলো ফেব্রুয়ারি। বাঙালির জীবনে ফেব্রুয়ারি ভাষার মাস হিসেবে পরিচিতি পেয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করার স্মৃতি এ মাসে উজ্জ্বল হয়ে ওঠে। সারা বিশ্বের কাছে ভাষা তাকে পরিচয় করিয়ে দিয়েছে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। একুশের চেতনা এখন বিশ্বের বিভিন্ন ভাষার মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণার উৎস।
একুশে ফেব্রুয়ারি বাঙালির গর্বের দিন। একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার-এ শ্রদ্ধা জানানোর মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর দিবস। বাঙালির হৃদয়ে আবেগ এবং গর্বের মিশ্রণ, যা প্রতি বছর মনে করিয়ে দেয় মাতৃভাষার মর্যাদা। দিবসটি বিশ্বজুড়ে বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে টিকিয়ে রাখার গুরুত্ব মনে করিয়ে দেয়। ভাষা হলো সাহিত্য ও সংস্কৃতির মাধ্যম। ইতিহাস ও ঐতিহ্যে বহন করে ভাষা। যা বিশ্বের বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখার অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
মাতৃভাষা প্রত্যেকটি জাতির জাতিসত্তা বিকাশের অনবদ্য মাধ্যম। মাতৃভাষা ব্যতীত কোন জাতি আত্মপরিচয় ও আত্মমর্যাদা সমৃদ্ধ হয় না। মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই প্রতিটা জাতিকে এগিয়ে যেতে হয় বিশ্ব দরবারে। তাই পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীই তার মাতৃভাষাকে মর্যাদা দিয়ে থাকে। বর্তমান পৃথিবীতে প্রায় ৭০৯৯ টি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মাতৃভাষা বাংলা। বর্তমানে পৃথিবীতে প্রায় ত্রিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। ভাষা মানুষে-মানুষে যোগাযোগের প্রধানতম বাহন।
একুশে ফেব্রুয়ারি যুগে যুগে আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। বিশেষ করে, ৫২, ৬৯ এবং ৭১-এর একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় মুক্তিসংগ্রামের ইতিহাসে এক অনন্য উচ্চতার দিন। রফিক, শফিক,সালাম, বরকত ও জব্বারের মতো শহীদের প্রাণের বিনিময়ে বাংলা পেয়েছিল রাষ্ট্রভাষার স্বীকৃতি। বুকের তাজা রক্ত ঝরিয়ে বাঙালির ভাষা ও সংস্কৃতির অধিকার অর্জিত হয়েছে। মহান একুশের চেতনায় জাগ্রত বাংলার মানুষ অতীতের মতো ঐক্যবদ্ধ। শিল্পকর্ম ও অগ্রগতির ধারক একুশ। দেশের আর্থসামাজিক বিকাশে বেগবান রাখবে একুশের অঙ্গীকার।
একুশ মানে মুক্তি, একুশ মানে চেতনা। একুশ মানে বাংলাকে নিয়ে কোনো সমঝোতা না করে লড়াই করা এক ইতিহাস। ২১শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গৌরবদীপ্ত ঐতিহাসিক দিন। আমাদের জাতীয় জীবনে এ দিনটির তাৎপর্য অপরিসীম। এ দিবসে প্রত্যেক ভাষার মানুষ নিজের মাতৃভাষাকে যেমন ভালােবাসবে তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দেবে। এভাবে একুশের চেতনা ধারণ করে বিশ্বব্যাপী মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে।
লেখক ; সাংবাদিক ও কলামিস্ট






স্কাউটিং শিক্ষা পদ্ধতি জীবনের শৃঙ্খলাবোধ শেখায়
বন্য পশুর রোগ নিরাময়ে পাখির ভূমিকা
সারাবিশ্বে বেতার এক জনপ্রিয় গণমাধ্যম
৯ ফেব্রুয়ারি চকলেট ডে
নিরাপদ খাদ্য সবার জন্য জরুরি
সুন্দরবন দিবসের প্রেক্ষাপট ও গুরুত্ব
জ্ঞানচর্চায় গ্রন্থাগারের গুরুত্ব
জলাভূমি বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সম্পদ
ব্যক্তিগত তথ্য সুরক্ষা হুমকির মুখে 