বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » ভালোবাসার মিষ্টি উপহার কেক
ভালোবাসার মিষ্টি উপহার কেক
প্রকাশ ঘোষ বিধান
প্রতিবছর ২৬ নভেম্বর বিশ্বজুড়ে কেক দিবস উদযাপন করা হয়। যা আনন্দ, সৃজনশীলতা এবং ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি মিষ্টি উপলক্ষ। কেক শুধু একটি সুস্বাদু খাবার নয়, বরং এটি মানুষের উৎসব, আবেগ ও সম্পর্কের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
২৬ নভেম্বর বিশ্ব কেক দিবস। তবে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে দিনটি জাতীয় কেক দিবস হিসেবেও পরিচিত এবং কিছু দেশে ২০ জুলাইও কেক দিবস পালন করা হয়। দিনটি কেকের স্বাদ, ঐতিহ্য এবং আনন্দ উদ্যাপনের জন্য পালন করা হয়। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ছোট্ট একটি কেক বা ঘরের তৈরি ডেজার্ট দিয়েও মুহূর্তটি বিশেষ করে তোলা যায়।
কেকের ইতিহাস বেশ পুরনো। প্রাচীন মিশর ও গ্রিসে মধু, বাদাম, দুধ ও ডিম দিয়ে এক ধরনের মিষ্টি রুটি তৈরি হতো, যা আধুনিক কেকের আদি রূপ বলে ধারণা করা হয়। তবে সেগুলো আজকের পরিচিত কেকের মতো ছিল না। প্রথম দিকের কেকগুলো ছিল ভারী ও সমতল, এবং সেগুলোতে মূলত মধু ও বাদাম ব্যবহার করা হতো। প্রাচীনকালে অনেক সময় দেবতাদের উদ্দেশ্যে কেক নিবেদন করা হতো। পরবর্তীতে রোমানদের হাত ধরে কেকের স্বাদে ও গড়নে নানা পরিবর্তন আসে। ত্রয়োদশ শতাব্দীতে ইংরেজি কেক শব্দটির ব্যবহার পাওয়া যায়, আর উনিশ শতকের পশ্চিম ইউরোপে জন্মদিনের কেক ও মোমবাতির প্রচলন জনপ্রিয় হয়ে ওঠে।
কেক শব্দটি এসেছে প্রাচীন নর্স শব্দ কাকা থেকে। রোমান শাসনামলে এ ধরনের মিষ্টি খাবারকে প্ল্যাসেন্টা বলা হতো। ইউরোপে ধীরে ধীরে ময়দা, চিনি, মাখন ও ওভেনের ব্যবহারে কেক নরম ও আইসিংযুক্ত হতে শুরু করে। অষ্টাদশ শতাব্দীতে জার্মানিতে শিশুদের জন্মদিনে কেকের ওপর বয়স অনুযায়ী মোমবাতি জ্বালানোর প্রথা চালু হয়, যা পরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
সময়ের সাথে সাথে কেক তৈরির পদ্ধতিতে এসেছে বৈচিত্র্য ও আধুনিকতা। চকলেট, ভ্যানিলা, ব্ল্যাক ফরেস্ট, রেড ভেলভেট কিংবা ফলের কেক—স্বাদ ও নকশার কোনো শেষ নেই। ঘরে বসে হাতের ছোঁয়ায় কেক বানানো যেমন আনন্দের, তেমনি পেশাদার বেকারদের শৈল্পিক কেকও মানুষের দৃষ্টি কাড়ে।
কেকের স্বাদ ও ধরনে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। চকোলেট কেক : চকোলেট বা কোকো পাউডার দিয়ে তৈরি এই কেকের স্বাদ ও ঘ্রাণ অনেকেরই পছন্দ। এর সঙ্গে চকলেট গানাশ, বাটারক্রিম কিংবা হুইপড ক্রিম ব্যবহার করা হয়। ব্ল্যাক ফরেস্ট কেক : চকোলেট স্পঞ্জ, চেরি ও হুইপড ক্রিমের সমন্বয়ে তৈরি এই কেকের স্বাদ বেশ আলাদা। এর ওপর চকলেটের কুচি দিয়ে সাজানো হয়। ভ্যানিলা কেক : হালকা সুগন্ধ ও নরম গঠনের জন্য ভ্যানিলা কেক জনপ্রিয়। জন্মদিন থেকে শুরু করে নানা অনুষ্ঠানে এই কেক পরিবেশন করা হয়। রেড ভেলভেট কেক : লালচে রং, নরম গঠন এবং ক্রিম চিজ ফ্রস্টিংয়ের জন্য পরিচিত এই কেক। স্বাদ ও সাজসজ্জার কারণে এটি বেশ আকর্ষণীয়। চিজকেক : ক্রিম চিজ দিয়ে তৈরি হওয়ায় এর গঠন সাধারণ স্পঞ্জ কেকের চেয়ে আলাদা। বেকড ও নো-বেক দুই ধরনের চিজকেকই পাওয়া যায়। ফ্রুট কেক : বিভিন্ন শুকনো বা তাজা ফল দিয়ে তৈরি হয় এই কেক। অনেক দেশে বড়দিনসহ বিভিন্ন উৎসবে ফ্রুট কেক খাওয়ার প্রচলন রয়েছে।
জন্মদিনে কেক কাটার রীতি বিশ্বের অনেক দেশেই প্রচলিত।আমাদের দেশেও জন্মদিন, বিবাহবার্ষিকী, পিকনিক বা যেকোনো ঘরোয়া আড্ডায় কেক কাটা এখন খুব পরিচিত দৃশ্য।বিশেষ দিন উদ্যাপন, শুভেচ্ছা জানানো এবং আনন্দ ভাগ করে নেওয়ার প্রতীক হয়ে উঠেছে কেক। জন্মদিন হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, সাফল্যের উদ্যাপন কিংবা প্রিয়জনের সঙ্গে বিশেষ কোনো মুহূর্ত কেক ছাড়া যেন অনেক আয়োজনই অসম্পূর্ণ। বিয়ে, বিবাহবার্ষিকী, চাকরিতে পদোন্নতি কিংবা কোনো অর্জন উদ্যাপনেও কেক কাটার আয়োজন দেখা যায়। জন্মদিনের কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছা প্রকাশ করার রীতিও বেশ পরিচিত।
বিকেলের চায়ের সাথে এক টুকরো কেক কিংবা প্রিয়জনের জন্য নিজের হাতে তৈরি একটি কেক সম্পর্কের উষ্ণতা বাড়িয়ে দেয়। কেক দিবস আমাদের মনে করিয়ে দেয় ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উদযাপন করার কথা। চকোলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, রেড ভেলভেটসহ নানা স্বাদের কেকের প্রতি ভালোবাসা রয়েছে অনেকেরই। তাই পরিবারের সদস্য বা বন্ধুদের নিয়ে চকলেট, ভ্যানিলা কিংবা পছন্দের যেকোনো কেক তৈরি করতে পারেন। কাছের বেকারি বা দোকান থেকে প্রিয় কেক কিনে প্রিয়জনদের সঙ্গে মিষ্টিমুখ করতে পারেন।
বিশ্ব কেক দিবস আমাদের শেখায় যে একটি সাধারণ খাবারও কীভাবে মানুষকে কাছে আনতে পারে। ব্যস্ত জীবনের ফাঁকে পরিবার ও বন্ধুদের সঙ্গে এক টুকরো কেক ভাগ করে নেওয়ার মাধ্যমেই এই দিনের সার্থকতা লুকিয়ে আছে।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট






প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার
অতীতকালে গ্রামবাংলার মানুষের কাছে সংবাদের অন্যতম প্রধান ও পরিচিত মাধ্যম ছিল দৈনিক ইত্তেফাক
সুন্দরবনের রাজকাঁকড়া পৃথিবীর অন্যতম প্রাচীন একটি সামুদ্রিক প্রাণী
সাংবাদিক স্মরণ দিবস
সুস্থ সমাজ ও টেকসই উন্নয়নে স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব
জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব 