বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার
প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার
প্রকাশ ঘোষ বিধান
কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। গৃহপালিত পশুপাখি তথা গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ইত্যাদি আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে অপরিসীম অবদান রাখছে। গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে প্রাণিসম্পদ আজ দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক সম্ভার হিসেবে পরিগণিত।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী চালিকাশক্তি হলো প্রাণিসম্পদ খাত, যা দেশের জিডিপি, কর্মসংস্থান, পুষ্টি নিরাপত্তা এবং রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১.৮১ শতাংশ এবং এই খাতে প্রবৃদ্ধির হার ৩.৩০ শতাংশ। স্থির মূল্যে খাতটির মোট অর্থনৈতিক আকার দাঁড়িয়েছে ৯৪,০০৯ কোটি টাকা। দেশের সামগ্রিক কৃষিজ জিডিপির ১৬.৫৬ শতাংশই আসে প্রাণিসম্পদ খাত থেকে। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৮০ শতাংশই জোগান দেয় এই খাত।
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমশ বাড়ছে। কৃষি জমিতে চাষাবাদ, পণ্য পরিবহন থেকে শুরু করে আধুনিক বাণিজ্যিক খামার গড়ে ওঠার ফলে এই খাতটি এখন একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে। দেশের লাখ লাখ প্রান্তিক কৃষক ও শিক্ষিত বেকার যুবক গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে প্রাণিসম্পদ পালন এক নীরব বিপ্লব ঘটিয়েছে।
মানবদেহের সুস্থতা ও মেধা বিকাশের জন্য প্রাণিজ আমিষ অপরিহার্য। দুধ, ডিম ও মাংস আমাদের আমিষের প্রধান উৎস। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টির চাহিদা মেটাতে প্রাণিসম্পদ খাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ মাংস ও ডিম উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দুধ উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করছে।
প্রাণিসম্পদ কেবল খাদ্য জোগায় না, বরং বিভিন্ন শিল্পের কাঁচামালও সরবরাহ করে। গবাদিপশুর চামড়া, হাড়, শিং এবং লোম থেকে জুতা, ব্যাগ, জৈব সার ও নানা হস্তশিল্প তৈরি হয়। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সমাদৃত, যা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এছাড়া, পশুর বর্জ্য থেকে বায়োগ্যাস ও উন্নতমানের জৈব সার তৈরি করে জ্বালানি সংকট মোকাবিলা এবং জমির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে।
প্রাণিসম্পদ খাত বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান ও রপ্তানি আয়ে বিশাল অবদান রাখছে। দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবনজীবিকার জন্য প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল। প্রায় ১.৫ কোটি মানুষের স্থায়ী কর্মসংস্থান তৈরি হয়েছে এই খাতকে কেন্দ্র করে। শুধু পোলট্রি শিল্পেই প্রায় ৬০ লাখ মানুষ কাজ করছেন, যার ৪০ শতাংশই নারী। গ্রামীণ নারীরা গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর মাংস, প্রক্রিয়াজাত খাদ্য এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান হালাল পণ্যের বাজারে বাংলাদেশের রপ্তানির বিশাল সুযোগ তৈরি হয়েছে। গবাদিপশুর চামড়া, শিং, হাড়, পালক এবং জিলেটিন প্রক্রিয়াজাত করে উচ্চমূল্যের শিল্পপণ্য তৈরি ও রপ্তানি করা সম্ভব। এছাড়া গোবর থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে কৃষি ও জ্বালানি খাতেও অবদান রাখা হচ্ছে।
এই খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নত জাতের পশুপাখি উদ্ভাবন ও কৃত্রিম প্রজনন কার্যক্রম আরও জোরদার করতে হবে। খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান, পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণ এবং ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসা সেবা সহজলভ্য করা জরুরি। পাশাপাশি দুগ্ধ ও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসার ঘটালে এই খাত থেকে রপ্তানি আয় বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
প্রাণিসম্পদকে আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পদে পরিণত করতে মানসম্মত ও সাশ্রয়ী পশুখাদ্য নিশ্চিত করা, রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি বাড়ানো, উন্নত জাত উদ্ভাবন এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড চেইন অবকাঠামো গড়ে তোলা জরুরি।
প্রাণিসম্পদ বাংলাদেশের অর্থনীতির এক অমূল্য সম্পদ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এই খাতটি দেশের দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।
লেকক : সাংবাদিক ও কলামিস্ট






অতীতকালে গ্রামবাংলার মানুষের কাছে সংবাদের অন্যতম প্রধান ও পরিচিত মাধ্যম ছিল দৈনিক ইত্তেফাক
সুন্দরবনের রাজকাঁকড়া পৃথিবীর অন্যতম প্রাচীন একটি সামুদ্রিক প্রাণী
সাংবাদিক স্মরণ দিবস
সুস্থ সমাজ ও টেকসই উন্নয়নে স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব
জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব
সাংবাদিক মিথ্যা বলেনা কথাটি কবে সত্যি হবে 