মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরা প্রতিনিধি :জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা -১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগুরা কেশব মোড় এলাকায় এই দৃশ্য চোখে পড়ে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা।
গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাড়িটির বাইরের দেয়ালে রঙের কাজ চলছে। শ্রমিকেরা ভবনের বিভিন্ন অংশে কাজ করছেন। তবে সংস্কারকাজ চলাকালে বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি।
কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা ভবনের সংস্কারকাজের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না কিংবা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না-এ বিষয়ে তাদের কোনো তথ্য নেই। তাদের ভাষ্য, রঙের কাজ শেষ হওয়ার পর হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশও মেরামত করা হতে পারে।
এর আগে গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
পুলিশের প্রাথমিক ধারণা ছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানিয়েছিল পুলিশ।
এদিকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন-এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
এ অবস্থায় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।
তবে মাগুরার বাড়িতে বর্তমানে চলা সংস্কারকাজের সঙ্গে সাকিব আল হাসানের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।






বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ 