শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় শিকারিরা বেপরোয়া; নকল ডাকের ফাঁদে আসল পাখি শিকার
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় শিকারিরা বেপরোয়া; নকল ডাকের ফাঁদে আসল পাখি শিকার
৮ বার পঠিত
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শিকারিরা বেপরোয়া; নকল ডাকের ফাঁদে আসল পাখি শিকার

---খুলনার পাইকগাছায় পরিযয়ী পাখি শিকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। শীতের আগমনের সাথে সাথে পাইকগাছার বিভিন্ন বিল ও জলাশয়েপরিযয়ী পাখিদের আকৃষ্ট করতে নকল ডাক বাঁশি, সাউন্ড বক্স বা মোবাইলের রেকর্ড ব্যবহার করে জাল ও ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। শীতের শুরুতে বিভিন্ন অঞ্চলে এ ধরনের অবৈধ শিকারের প্রবণতা বেড়েছে।

প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে সুদূর হিমালয় ও সাইবেরিয়াসহ শীতপ্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে পরিযয়ীপাখি আসতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলির খাল-বিল ও জলাশয়ে দেখা গেছে এ পাখিদের।

শিকারিরা রাতের আঁধারে বাঁশি, সাউন্ড বক্স বা বিশেষ যন্ত্রে পরিযয়ী পাখির ডাক বাজিয়ে আকাশের পাখিদের বিভ্রান্ত করে বিলে নামিয়ে আনে।
বিলের বিশাল এলাকাজুড়ে বাঁশ পুঁতে কারেন্ট জাল টাঙানো হয় এবং কৃত্রিম বক বা পাখি বসিয়ে ফাঁদঘর তৈরি করা হয়। নকল ডাক শুনে নিচে নামার সময় পাখিরা এসব জালে আটকা পড়ে। এসব ফাঁদে বালিহাঁস, কালিম (কালকুচ), বক ও বুরিসহ নানা প্রজাতির পরিযায়ী ও দেশীয় পাখি ধরা পড়ছে, যা পরে গোপনে স্থানীয় হাটবাজারে বিক্রি করা হয়। মুঠোফোনে অর্ডার করলেই যথারীতি একটু গোপনে ব্যাগভর্তি করে মোটরসাইকেলে ক্রেতার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পাখি।

শীতের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলের বিল ও জলাশয়ে অসাধু শিকারিরা কৃত্রিম উপায় ও প্রযুক্তির অপব্যবহার করে নির্বিচারে পাখি শিকার করছে। মোবাইল বা সাউন্ড বক্সে বিভিন্ন পাখির কণ্ঠ বা রেকর্ড করা ডাক উচ্চস্বরে বাজানো হয়। এছাড়া বাঁশি বাজিয়ে পাখির ডাক নকল করা হয়। সেই ডাক শুনে পরিযায়ী ও দেশীয় পাখিরা ঝাঁকে ঝাঁকে কাছে নেমে আসে। দুই-তিন একর জুড়ে বাঁশ পুঁতে কারেন্ট জাল, লতাপাতার ফাঁদে ফেলে পাখি ধরা হচ্ছে।

উপজেলার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়ীয়া, কুমখালীসহ বিভিন্ন এলাকায় আমন ধান ক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়ি ঘের রয়েছে। এ সব খাল বিলে শীত মৌসুমের শুরুতে কমবেশি পরিযয়ী পাখির আগমন ঘটেছে। সকাল হলেই পাখিরা এসব স্থানে গিয়ে খাদ্য সংগ্রহ করে। এ সময় ঘেরে এলাকার লোকজন সহ সাধারণ শিকারীরা পূর্ব থেকেই ওই সব স্থানে বিভিন্ন মাছ ও ফড়িং জাতীয় প্রাণীতে বিষ মিশিয়ে ফাদ পেতে পাখি শিকার করছে।

শিকারীরা পাখি শিকারে অভিনব পদ্ধতি বের করেছে। এসব শিকারীরা সাধারণ মানুষের চোখ ফাকি দিতে রাত ৮টার পরে ধান ক্ষেত বা মৎস্য ঘেরে পাখির ডাকের ফাঁদ পেতে রেখে আসে এবং রাত ৪টার দিকে এ ফাঁদ তুলে আনে। ইন্টারনেট থেকে পাখির ডাক রেকর্ড করে সেই পাখির স্বর ধান ক্ষেতে সাউন্ড বক্সের মাধ্যমে বাজিয়ে পাখি শিকারে ফাঁদ পেতে পাখি শিকার করছে। সাউন্ড বক্সে পাখির ডাক শুনে পরিযয়ী ও স্থানীয় পাখিরা ফাঁদে গিয়ে ধরা পড়ছে। তাছাড়া দুই তিন একর জুড়ে বাঁশ পুতে কারেন্ট জালের ফাঁদ পেতে পাখি শিকার করছে। এভাবেই শিকারীরা প্রতিদিন ফাঁদ ও বিষ টোপ দিয়ে পাখি শিকার অব্যাহত রেখেছে।

আইন অনুযায়ী বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী পাখি শিকার করা একটি দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে জাল ও কৃত্রিম ফাঁদ ধ্বংস করা হলেও তা পুরোপুরি থামানো যাচ্ছে না। পাখি শিকার যা দন্ডনীয় ফৌজদারি অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।

শীত মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথি পাখির পাশাপাশি দেশীয় প্রজাতির পাখি মারাত্মক ঝুঁকিতে পড়ছে।  নির্বিচারে পাখি নিধনের ফলে প্রকৃতি ও জীববৈচিত্র্য ভারসাম্য হারাচ্ছে।





আর্কাইভ