শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » জলবায়ু সংকট মূলত পানির সংকট
প্রথম পাতা » মুক্তমত » জলবায়ু সংকট মূলত পানির সংকট
১০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু সংকট মূলত পানির সংকট

--- প্রকাশ ঘোষ বিধান

জলবায়ু সংকট মূলত পানির সংকট। কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং আবহাওয়ার চরম পরিবর্তনের প্রভাব সবার আগে এবং সরাসরি পৃথিবীর পানিচক্রের ওপর আঘাত হানে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে পানি কখনো অতিরিক্ত কমে যাচ্ছে, কখনো ভয়াবহ বন্যার রূপ নিচ্ছে, আবার কখনো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

পানির অপর নাম জীবন। পৃথিবীর প্রতিটি প্রাণীর অস্তিত্ব ও সভ্যতার বিকাশ পানির ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে যে ভয়াবহ পরিবেশগত সংকট তৈরি হয়েছে, তার সবচেয়ে বড় প্রভাব পড়েছে পানির ওপর। বিশ্বজুড়ে জলবায়ু সংকট এখন মূলত পানির সংকটে রূপ নিয়েছে। কোথাও অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা, আবার কোথাও তীব্র খরা ও পানির হাহাকার প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তনের মূল আঘাতটি আসছে জলচক্রের ওপর।

জলবায়ু পরিবর্তন মানেই কেবল তাপমাত্রা বৃদ্ধি বা ঋতুচক্রের বদল নয়; জলবায়ু পরিবর্তনের যাবতীয় ধ্বংসাত্মক রূপ আমাদের কাছে ধরা দেয় পানির অসামঞ্জস্যতার মধ্য দিয়ে। কখনো তীব্র খরা, কখনো প্রলয়ংকরী বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা সুপেয় পানির লবণাক্ততা, সবকিছুই প্রমাণ করে যে, জলবায়ু সংকট মূলত একটি পানির সংকট। পানিই জীবন, আর সেই জীবন টিকিয়ে রাখার মাধ্যমেই জলবায়ু পরিবর্তনের অভিঘাত নির্ধারিত হয়।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর স্বাভাবিক জলচক্র মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় সমুদ্র ও ভূপৃষ্ঠ থেকে পানি দ্রুত বাষ্পীভূত হচ্ছে। এর ফলে আবহাওয়ার চরমভাবাপন্ন আচরণ দেখা দিচ্ছে। একদিকে যেমন আকস্মিক ও প্রলয়ংকরী বন্যার প্রকোপ বাড়ছে, অন্যদিকে তেমনি দীর্ঘস্থায়ী খরার কবলে পড়ছে বিস্তীর্ণ জনপদ। অর্থাৎ, পানির প্রাপ্যতা ও বণ্টনের এই চরম অসামঞ্জস্যতাই আজকের জলবায়ু সংকটের প্রধান রূপ।

জলবায়ু সংকটের কারণে পানির বহুমুখী সংকট সৃস্টি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে মাটির আর্দ্রতা দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাতের ধরন অনিয়মিত হয়ে পড়ছে। এর ফলে বিশ্বের অনেক অঞ্চলে দীর্ঘমেয়াদী খরা দেখা দিচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতার কারণে পর্বতের বরফ ও হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। সাময়িকভাবে এটি নদীর প্রবাহ বাড়ালেও দীর্ঘমেয়াদে গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো বড় নদীগুলোর পানির উৎস শুকিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে।

উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয়বাষ্প ধারণ করে, যার ফলে হঠাৎ অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার প্রকোপ বাড়ছে। বন্যা কেবল ঘরবাড়িই ধ্বংস করে না, বরং পানির উৎস এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নষ্ট করে পানিকে দূষিত করে তোলে। মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এর ফলে উপকূলীয় অঞ্চলের মিঠাপানির নদী ও ভূগর্ভস্থ স্তরে লবণাক্ত পানি প্রবেশ করছে।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই সংকটের অন্যতম বড় ভুক্তভোগী: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও কক্সবাজারের মতো উপকূলীয় জেলাগুলোতে ঘনঘন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে মিঠাপানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ছে। মানুষ বাধ্য হয়ে লবণাক্ত ও অনিরাপদ পানি পান করছে, যা কিডনি রোগ ও উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

বৈশ্বিক উষ্ণতা, অনিয়মিত বৃষ্টিপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং অতিমাত্রায় খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সরাসরি আমাদের পানির চক্রকে বিপর্যস্ত করছে। শুষ্ক মৌসুমে নদ-নদীর প্রবাহ কমে যাওয়ায় উত্তরাঞ্চলে সেচ ও খাবার পানির তীব্র অভাব দেখা দেয়। আবার বর্ষায় অতিবৃষ্টি ও উজানের ঢলে ভয়াবহ বন্যা ও নদীভাঙন সৃষ্টি হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা বন্যাপ্রবণ হলেও, লাখ লাখ মানুষ নিরাপদ খাবার পানির সংকটে ভোগে। অতিরিক্ত খরা ও যত্রতত্র গভীর নলকূপ স্থাপনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুপেয় পানির তীব্র হাহাকার দেখা দিয়েছে। দেশের একটি বড় অংশের মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত।

নিরাপদ পানির উৎস দূরে সরে যাওয়ায় উপকূল ও পাহাড়ি অঞ্চলের নারীদের প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে। পানির সংকটের কারণে নারীর জীবন ও স্বাস্থ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। গৃহস্থালি কাজের পানির জোগাড় করতে গিয়ে নারীরা সামাজিক ও শারীরিক নানা বঞ্চনা ও সমস্যার মুখে পড়ছেন। এতে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি বাড়ছে।

বিশ্বের মোট মিঠাপানির প্রায় ৭০ শতাংশ কৃষিকাজে ব্যবহৃত হয়। পানির সংকট ও জমিতে লবণাক্ততা বাড়ার ফলে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, যা সরাসরি খাদ্য সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ, লবণসহিষ্ণু ফসলের চাষ, নদী ও জলাশয় দখলমুক্ত রাখা এবং  জলবায়ু-সহনশীল নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

জলবায়ু পরিবর্তন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সরাসরি আমাদের পানির উৎসগুলোকে ধ্বংস করছে। পানি ছাড়া যেমন প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি পানির সংকট সমাধান না করে জলবায়ু সংকট মোকাবিলা করাও অসম্ভব। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে পরিবেশ রক্ষা ও পানির সুষ্ঠু ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

পানি ছাড়া যেমন পৃথিবী অচল, তেমনি পানি সংকটকে অস্বীকার করে জলবায়ু সংকট মোকাবিলা করা অসম্ভব। তাই জলবায়ু পরিবর্তন রোধে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে পানিকে কেন্দ্র করে। বৈশ্বিক উষ্ণতা রোধের পাশাপাশি পানির প্রতিটি ফোঁটার সঠিক ব্যবহার ও সংরক্ষণে সচেতনতাই হতে পারে আমাদের অস্তিত্ব রক্ষার একমাত্র উপায়।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট





আর্কাইভ