রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » অতীতকালে গ্রামবাংলার মানুষের কাছে সংবাদের অন্যতম প্রধান ও পরিচিত মাধ্যম ছিল দৈনিক ইত্তেফাক
অতীতকালে গ্রামবাংলার মানুষের কাছে সংবাদের অন্যতম প্রধান ও পরিচিত মাধ্যম ছিল দৈনিক ইত্তেফাক
বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসে দৈনিক ইত্তেফাক একটি অবিস্মরণীয় নাম। অতীতে গ্রামবাংলার মানুষের কাছে সংবাদপত্র মানেই ছিল ইত্তেফাক। এটি কেবল একটি সংবাদপত্র ছিল না, বরং গ্রামীণ জনপদের মানুষের চিন্তাচেতনা, রাজনৈতিক সচেতনতা এবং দৈনন্দিন আড্ডার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।
১৯৫৩ সালে তফাজ্জল হোসেন মানিক মিয়ার সম্পাদনায় দৈনিক ইত্তেফাকের যাত্রা শুরু হয়। সহজ-সরল ভাষা, গণমানুষের অধিকারের কথা এবং নির্ভীক সাংবাদিকতার কারণে খুব অল্প সময়ের মধ্যেই পত্রিকাটি শহর ছাপিয়ে নিভৃত পল্লীর মানুষের মন জয় করে নেয়। পত্রিকাটি সাধারণ মানুষের অধিকার ও কথা বলার প্রধান মাধ্যমে পরিণত হয়েছিল। গণমানুষের মুখপত্র হয়ে ওঠে ইত্তেফাক। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে জনমত গঠনে ইত্তেফাক ঐতিহাসিক ভূমিকা রেখেছিল।
অতীতে গ্রামের হাটবাজার বা চায়ের দোকানে সকালবেলা এক কপি ইত্তেফাক পৌঁছানো ছিল এক বিশেষ ঘটনা। গ্রামে সবার বাড়িতে পত্রিকা রাখার সামর্থ্য ছিল না। একসময় গ্রামের হাটবাজার বা চায়ের দোকানে একজন ব্যক্তি উচ্চস্বরে ইত্তেফাক পড়ে শোনাতেন, আর চারপাশে গোল হয়ে বসে তা শুনতেন গ্রামের কৃষক, শ্রমিক ও মুরব্বিরা মনোযোগ দিয়ে খবর শুনতেন, আর সেই পত্রিকাটি বেশিরভাগ সময়ই হতো ইত্তেফাক।। দেশ-বিদেশের খবর, রাজনীতির হালচাল কিংবা ফসলের দামের খবর- সবই জানা যেত এই আসর থেকে। এর লেখার ধরন ও ভাষা ছিল সাধারণ মানুষের বোধগম্য, যা গ্রামীণ পাঠকদের কাছে একে আরও জনপ্রিয় করে তুলেছিল।
অতিত কালে খুলনার গ্রামবাংলার মানুষের কাছে সংবাদপত্র পৌছাতো এক থেকে দুই দিন পরে।
যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অতীতে শহর থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো গ্রামের মানুষের হাতে পৌঁছাতে এক থেকে দুই দিন পর্যন্ত সময় লেগে যেত। তৎকালীন সময়ে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলো মূলত খুলনা শহর থেকে লঞ্চ, স্টিমার, ট্রেন বা নদীপথের নৌকায় করে উপজেলা ও গ্রামীণ হাট-বাজারে পাঠানো হতো। সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছায় লঞ্চযোগে সংবাদপত্র পৌছাতো এক দিন পরে। নদী পারাপার ও কাঁচা রাস্তার কারণে যাতায়াতে অনেক সময় লাগত। সংবাদপত্রগুলো গ্রামের মানুষের হাতে পৌঁছাতে এক থেকে দুই দিন পরে।
শহরের প্রধান এজেন্টদের কাছ থেকে পত্রিকার বান্ডিল নিয়ে স্থানীয় হকাররা সাইকেলে করে বা পায়ে হেঁটে দূরের গ্রামগুলোতে পৌঁছে দিতেন। ফলে আগের দিনের খবর পরের দিন বিকেলে বা তারও পরদিন সকালে পাঠকের হাতে পৌঁছাত। সে সময় গ্রামে হাতেগোনা কয়েকটি বাড়িতে বা স্থানীয় বাজারের চায়ের দোকানে পত্রিকা রাখা হতো। এক দিন আগের বাসি খবর হলেও গ্রামের মানুষ চায়ের দোকানে জড়ো হয়ে তা গভীর আগ্রহ নিয়ে পড়তেন এবং দেশের ও বিশ্বের পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন।
বাঙালির স্বাধিকার আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ইত্তেফাকের ভূমিকা ছিল ঐতিহাসিক। গ্রামের সাধারণ মানুষ এই পত্রিকার মাধ্যমেই পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার কথা জানতে পারত। মানিক মিয়ার মুসাফির ছদ্মনামে লেখা রাজনৈতিক মঞ্চ কলামটি গ্রামের সচেতন মহলে দারুণ প্রভাব ফেলত।
ইত্তেফাক কেবল রাজনৈতিক খবরই দিত না, বরং গ্রামীণ সমাজের কুসংস্কার দূরীকরণ, শিক্ষার প্রসার এবং সাহিত্যচর্চায়ও ভূমিকা রেখেছে। পত্রিকার ছোটদের পাতা কচি-কাঁচার আসর কিংবা সাহিত্য সাময়িকী গ্রামের তরুণ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিল।
বর্তমানে ইন্টারনেট, টেলিভিশন ও অসংখ্য অনলাইন পোর্টালের ভিড়ে সংবাদপত্র পড়ার সেই পুরনো ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে গেছে। ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টালের যুগে সংবাদ জানার মাধ্যম বদলে গেলেও, গ্রামবাংলার মানুষের স্মৃতিতে ইত্তেফাকের সেই সোনালি দিনগুলোর আবেদন আজও অমলিন। অতীতকালে গ্রামবাংলার মানুষের চোখ খুলে দিতে এবং তাদের জাতীয় জীবনের মূলধারার সাথে যুক্ত করতে দৈনিক ইত্তেফাক যে সেতুবন্ধন তৈরি করেছিল, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।






সুন্দরবনের রাজকাঁকড়া পৃথিবীর অন্যতম প্রাচীন একটি সামুদ্রিক প্রাণী
সাংবাদিক স্মরণ দিবস
সুস্থ সমাজ ও টেকসই উন্নয়নে স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব
জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য
সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব
সাংবাদিক মিথ্যা বলেনা কথাটি কবে সত্যি হবে
জলবায়ু সংকট মূলত পানির সংকটে রুপ নিচ্ছে 