সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » দুর্যোগের মৌসুম উপকূলের মানুষের বেঁচে থাকার অবিরাম লড়াই
দুর্যোগের মৌসুম উপকূলের মানুষের বেঁচে থাকার অবিরাম লড়াই
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগের মৌসুম মানেই হলো জীবন ও প্রকৃতির সাথে এক অন্তহীন লড়াই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদী ভাঙনের তীব্রতা বাড়ায় এই লড়াই দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।
প্রাকৃতিক দুর্যোগ খুলনার উপকূলবাসীর জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে। উপকূলীয় অঞ্চলে দুর্যোগের মৌসুমে বেঁচে থাকা মানেই হলো প্রকৃতির সাথে এক অবিরাম যুদ্ধ করে টিকে থাকা। বঙ্গোপসাগরের উত্তাল অবস্থা, ঘনঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদীভাঙন উপকূলের লাখো মানুষের জীবনকে প্রতি মুহূর্তে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ঘূর্ণিঝড় রিমালে বা আম্পানের মতো দুর্যোগগুলো এখন উপকূলবাসীর জীবনের নিয়মিত অংশ হয়ে দাঁড়িয়েছে। একটি দুর্যোগের রেশ কাটতে না কাটতেই আরেকটি এসে হানা দেয়, যা মানুষের জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে তোলে।
দুর্যোগের সময় নারী ও শিশুদের ব্যক্তিগত নিরাপত্তা এবং স্যানিটেশন ব্যবস্থা একটি বড় চ্যালেঞ্জ। জীবন বাঁচাতে মানুষ আশ্রয়কেন্দ্রে গেলেও অনেক সময় গবাদিপশু ফেলে যেতে দ্বিধাবোধ করে, যা তাদের একমাত্র সম্পদ। দুর্যোগে প্রায়ই বেড়িবাঁধ ভেঙে নোনা পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে খাবার পানির তীব্র সংকট তৈরি হয় এবং কৃষিজমি ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের নারীদের জীবন যেন এক অবিরাম সংগ্রামের নাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা ও দারিদ্র্যের মধ্যে তাদের বসবাস। সমাজের কুসংস্কার, অর্থনৈতিক অনিশ্চয়তা আর স্বাস্থ্যঝুঁকির মতো নানা চাপে তারা হারাচ্ছেন স্বাভাবিক জীবনযাপনের অধিকার।
উপকূলীয় জনপদে দৃশ্যমান দুর্যোগের পাশাপাশি তৈরি হয়েছে এক নীরব স্বাস্থ্য সংকট। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টির সঙ্গে বাড়ছে লবণাক্ততা আর এর সবচেয়ে বড় খেসারত দিচ্ছেন নারী ও কিশোরীরা। এঅঞ্চলের নারীদের মধ্যে দেখা দেয় পুষ্টিহীনতা। প্রায় সময় নারীদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাব, জরায়ুতে সিস্ট, অসময়ে মেনোপোজসহ প্রজনন স্বাস্থ্যের নানা জটিলতা।
উপকূলের নারী ও শিশুরা প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপত্তার আশায় আশ্রয়কেন্দ্রে ছুটে যান। কিন্তু বাস্তবতা বলছে, সেই আশ্রয়কেন্দ্রই অনেক ক্ষেত্রে হয়ে উঠছে নতুন ঝুঁকির জায়গা। দুর্যোগের সময় সামাজিক কাঠামো ভেঙে পড়া, আইনশৃঙ্খলা দুর্বল হওয়া এবং অতিরিক্ত ভিড়ের কারণে নারীরা বেশি ঝুঁকিতে পড়েন। একইসঙ্গে পানি সংগ্রহ বা ত্রাণের লাইনে দাঁড়ানোর সময়ও তাদের হয়রানির শিকার হতে হয়। ঘূর্ণিঝড় বা বন্যার মতো দুর্যোগের সময় নারীরা শুধু খাদ্য ও চিকিৎসা সংকটেই ভোগেন না, বরং যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতার ঝুঁকিও বাড়ে। আশ্রয়কেন্দ্রে আলাদা নিরাপদ জায়গা, শৌচাগার ও গোপনীয়তার অভাব নারীদের জন্য বড় উদ্বেগের কারণ।
দুর্যোগ মৌসুমে উপকূলের বেঁচে থাকার লড়াইয়ের প্রধান দিকগুলো হলো; ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায়, বিশেষ করে সাতক্ষীরা ও খুলনার পাইকগাছা,দাকোপ, কয়রায় ও আশাশুনি ও শ্যামনগরে লবণাক্ত পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়, যা মানুষকে টিকে থাকার জন্য চরম সংগ্রাম করতে বাধ্য করে। দুর্যোগের মৌসুমে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ঘরবাড়ি প্লাবিত হয় এবং কৃষিজমি চিরতরে নষ্ট হয়ে যায়। এর ফলে স্থানীয়রা শুধু আশ্রয় হারায় না, জীবিকাও হারিয়ে ফেলে। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে উপকূলের কৃষকরা এখন লবনাক্ততা সহিষ্ণু ফসল বা কৌশলী সবজি চাষের দিকে ঝুঁকছেন। তবে বারবার সম্পদ হারিয়ে অনেকেই এলাকা ছেড়ে শহরে পাড়ি জমাতে বাধ্য হচ্ছেন।
বারবার দুর্যোগের আঘাত এবং টেকসই বেড়িবাঁধের অভাবে উপকূলের অনেক মানুষ সবকিছু হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। এই বাস্তুচ্যুতি উপকূলীয় জনপদের এক ভয়াবহ বাস্তবতা। দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রগুলোতে নারীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং স্যানিটেশন ব্যবস্থা চরম হুমকির মুখে পড়ে।
দুর্যোগের ঝুঁকি কমিয়ে আনতে এবং নতুন করে টিকে থাকতে স্থানীয় যুব স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা রাখছেন। তারা সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, সবুজায়ন এবং মানুষকে সচেতন করার কাজ করছেন। উপকূলের মানুষকে বাঁচাতে পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি এবং দুর্যোগের আগাম সতর্কবার্তা মেনে প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। দুর্যোগের সঙ্গে লড়াই করে ক্লান্ত উপকূলের মানুষ টেকসই বেড়িবাঁধ ও প্রকৃতির সুরক্ষায় সবুজ বেষ্টনী বা ম্যানগ্রোভ বনায়ন নিশ্চিত করা প্রয়োজন।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে জীবন বাঁচাতে গাছপালা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপকূলীয় ভূমির ক্ষয় রোধ এবং জলোচ্ছ্বাস থেকে বাঁচতে গাছপালা লাগানো অপরিহার্য। নিরাপদ এলাকাগুলোতে মজবুত ঘরবাড়ি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন। দুর্যোগের পূর্বাভাস বুঝতে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে জ্ঞান ও পর্যাপ্ত প্রস্তুতির বিকল্প নেই।
ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, জোয়ার-ভাটা এসব প্রাকৃতিক দুর্যোগ এখন উপকূলীয় এলাকার স্বাভাবিক ঘটনা। আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলে এসব প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলছে। এসব দুর্যোগের কবল থেকে উপকূলবাসীকে রক্ষা করতে টেকসই বেড়িবাঁধ এবং বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা প্রয়োজন।






বাদুড় কৃষি ও প্রকৃতির অপরিহার্য প্রাণী
শিকারি সাংবাদিকতা
ভিউ বাণিজ্যের দৌরাত্ম্য ; সংকটে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা
মানুষের নামে পশুর নাম রাখা মানবমর্যাদার অপমান
সমাজের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব ব্যাপক
বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য
সড়কে অপরিকল্পিত স্পিড ব্রেকারে বাড়ছে দুর্ঘটনা
বিশ্ব সাইকেল দিবস 