শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » বিশেষ সংবাদ » অশিক্ষিত রাজু সেলুন এখন লাইব্রেরি
প্রথম পাতা » বিশেষ সংবাদ » অশিক্ষিত রাজু সেলুন এখন লাইব্রেরি
৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অশিক্ষিত রাজু সেলুন এখন লাইব্রেরি

---মাগুরা প্রতিনিধি : অশিক্ষিত সেলুনজুড়ে জ্ঞানের আয়োজন, চুল কাটার পাশাপাশি মিলছে বই পড়ার সুযোগ। প্রথমে তিনটি বই দিয়ে শুরু এখন সেই সেলুনে প্রায় শতাধিক বইয়ের ভান্ডার। সেলুনে গিয়ে চুল কাটার সিরিয়ালে বসে কিংবা অপেক্ষার সময়টায় হাতে উঠে আসে প্রিয় কোনো বই। স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ না থেকে চোখ যদি যায় কোনো গল্প, কবিতা কিংবা ছন্দের পাতায়। অবাস্তব মনে হলেও ঠিক এমনই এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় চিত্র দেখা যাচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের শিকদারের মোড়ে।
বাইরে থেকে দেখতে সাধারণ আর দশটি দোকানের মতো মনে হলেও ভেতরের দৃশ্য একদমই ভিন্ন। দরজার ভেতরে পা রাখলেই চোখে পড়ে সারি সারি বই, দেয়ালজুড়ে নানা কবিতার ছন্দ আর অনুপ্রেরণামূলক লেখা।  কাঁচি-চিরুনির পাশাপাশি বইয়ের এই মেলবন্ধন দেখে মনে হবে, এটি কেবল একটি সেলুন নয়, যেন ছোট্ট এক পাঠাগার। এই ব্যতিক্রমী প্রতিষ্ঠানটির নাম ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’। সেলুনটির মালিক স্থানীয় যুবক মোহাম্মদ রাজু আহমেদ।
অল্প বয়সে বাবা-মাকে হারানো রাজুর পড়াশোনা বেশি দূর এগোয়নি। একসময় ‘অশিক্ষিত’ শব্দটি তাকে ভীষণ কষ্ট দিয়েছিল। ‘তুমি নাপিত, তুমি অশিক্ষিত, তুমি আমার সাথে কি কথা বলবা’ এক ব্যক্তির মুখ থেকে আসা এমন কটূক্তিতে গভীর কষ্ট পেয়েছিলেন রাজু। তবে সেই অপমানকে তিনি হতাশার বদলে বানিয়ে নিয়েছেন নিজের ঘুরে দাঁড়ানোর শক্তি। নিজের দোকানের নাম দেন ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’। আর সেই সাইনবোর্ডের আড়ালেই এখন চলছে জ্ঞানভিত্তিক এক অনন্য চর্চা। দোকানেই এক লাইব্রেরি গড়ে তুলেছেন রাজু।
যার উদ্দেশ্যে চুল কাটতে আসা মানুষ যেন শুধু চেহারা বদলে না ফেরেন, সঙ্গে করে কিছুটা জ্ঞানও নিয়ে যেতে পারেন। অল্প বয়সে বাবা-মাকে হারানো রাজু দারিদ্র্যের কারণে নবম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে মনে ছিল বই পড়ার প্রবল ইচ্ছা।
প্রায় ১০ বছর ধরে সেলুনের কাজের সাথে যুক্ত রাজু প্রথমে স্থানীয় কলমধারী বাজার থেকে চুল কাটার কাজ শেখেন। এরপর ঢাকার বিভিন্ন সেলুনে কাজ করে অভিজ্ঞতা অর্জন শেষে নিজ এলাকায় ফিরে শিকদারের মোড়ে গড়ে তোলেন নিজের সেলুন। শুরুতে সেলুনে তিনটি বই রেখে যাত্রা শুরু করেন রাজু। ধীরে ধীরে চুল কাটতে আসা গ্রাহকেরা অপেক্ষার সময় বই পড়তে শুরু করেন। অনেকে আবার উৎসাহী হয়ে নিজেদের বাড়ি থেকে বই এনে উপহার দেন দোকানে। এভাবেই ধীরে ধীরে ইসলামী বই, উপন্যাস, গল্পসহ নানা ধরণের বই নিয়ে গড়ে ওঠে শতাধিক বইয়ের সংগ্রহশালা। রাজুর স্বপ্ন, ভবিষ্যতে এই সেলুনকে আরও বড় একটি পূর্ণাঙ্গ লাইব্রেরিতে রূপ দেওয়া।
জ্ঞানচর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি রাজু দেখিয়েছেন মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত। নিজে এতিম হওয়ায় এতিম শিশুদের জন্য তার সেলুনে চুল কাটা একদম ফ্রি। মসজিদের ইমাম ও খতিবদের ক্ষেত্রে নেওয়া হয় অর্ধেক বিল। এছাড়া বয়স্ক ব্যক্তি এবং শরিয়তসম্মত চুল-দাড়ি কাটার ক্ষেত্রেও রয়েছে ৫০% ছাড়ের ব্যবস্থা। তবে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম হয় এটাতেই রাজু খুশি।
কোনো প্রাপ্তির আশা নয়, কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই রাজু এই কাজ করে যাচ্ছেন বলে জানান। ব্যস্ত এই ডিজিটাল যুগে বই পড়ার অভ্যাস যখন হারিয়ে যেতে বসেছে, তখন রাজুর এমন ব্যতিক্রমী চিন্তাধারা সাড়া ফেলেছে পুরো এলাকায়। এলাকার সচেতন মহল রাজুর এই মানবিক ও প্রগতিশীল উদ্যোগের প্রশংসা করছেন।
সেলুনের নিয়মিত চুল কাটতে আসেন মো. রিয়াজ আহম্মেদ বলেন, রাজু ভাইয়ের এখানে দীৰ্থদিন ধরে আমি চুল কাটাই। অনেক সময় সিরিয়ালে থাকতে হয়। তখন বাজারে ঘোরাঘুরি বা ফোন না দেখে সেলুনে বসে বই পড়ি। এখানে বই পডার পরিবেশটা ভালো লাগে। এ কারণে রাজু ভাইয়ের সেলুনেই আসা হয়।
সেলুন মালিক রাজু আহম্মেদ বলেন, আসলে মানুষ কখনই অশিক্ষিত হতে চাইনা। বেঁচে থাকার তাগিদে অল্প বয়সেই উপার্জনের জন্য কাজে নেমে পড়তে হয়। তবে একজন শিক্ষিত লোক অনেক লোকজনের মাঝে আমাকে বলেছিলেন, ‘তুমি নাপিত, তুমি অশিক্ষিত, তুমি আমার সাথে কি কথা বলবা’। সেই কষ্টে আমার সেলুনের নাম দেওয়া হয় ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’। রাজু আরো বলেন, আমি নিজেও এতিম ছেলে, তাই এতিম শিশুদের বিনামূল্যে সেবা দেওয়ার চেষ্টা করি। আমি চাই কাজের পাশাপাশি দোকানে যেন একটি সুন্দর ও বড় লাইব্রেরি গড়ে উঠে। মানুষের যে সময়টুকু সেলুনে অপেক্ষায় কাটে, সেটি যেন জ্ঞানার্জনের কাজে লাগে।
রাজুর এই উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দের। সাবেক বালিদিয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মিনা বলেন, রাজু এলাকার যুবকদের বই পড়তে উৎসাহী করছে। একসময় পড়াশোনা চালিয়ে যেতে না পারার যে আক্ষেপ তার ছিল, তা আজ সে অনন্য উপায়ে পূরণ করছে। বালিদিয়াবাসী যেন রাজুকে সহযোগিতা করে সে উদ্যোগের কথাও জানান তিনি।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছেন পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছেন
পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)