রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
মাগুরা প্রতিনিধি : মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। বাম্পার ফলনের স্বপ্নে বুক বেঁধেছিলেন কৃষকরা। কিন্তু সেই স্বপ্নে এখন দুশ্চিন্তার কালো ছায়া। টানা দুই দিনের ভারী বৃষ্টিতে মাগুরার বিস্তীর্ণ মাঠ তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। পানির নিচে চলে গেছে আধাপাকা ও পাকা আমন ধান। এমনকি আগেভাগে কেটে মাঠে রাখা ধানও ডুবে গেছে পানিতে। ফলে কষ্টে ফলানো ফসল ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।
শনিবার (২১ নভেম্বর) মঘীর ঢালের মাঠে দেখা যায়, চারদিকে বৃষ্টির পানিতে ডুবে আছে ধানের জমি। পানির মধ্যে নেমে কৃষকরা ডুবে যাওয়া ধানের আঁটি উদ্ধারের চেষ্টা করছেন। কেউ পানির নিচ থেকে ধান তুলে আনছেন, আবার কেউ মাঠে কেটে রাখা ধান রক্ষায় ব্যস্ত সময় পার করছেন। পানিতে ডুবে থাকা ধান উদ্ধারে কৃষকদের এমন প্রাণান্তকর চেষ্টা যেন তাদের ফসল বাঁচানোর শেষ লড়াই।
মাগুরা সদর উপজেলার মঘীর ঢালের বিস্তীর্ণ মাঠজুড়ে এবার আমন ধানের বাম্পার ফলনের প্রত্যাশা ছিল কৃষকদের। মৌসুমের শুরু থেকে পরিচর্যা ও পরিশ্রমের পর মাঠে সোনালি ধান দেখে তাদের মুখে ফুটেছিল হাসি। কিন্তু টানা বৃষ্টিতে সেই হাসি এখন হতাশায় রূপ নিয়েছে।
কৃষক জালাল উদ্দিন বলেন, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকলে কাটা ও পাকা ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। মৌসুমজুড়ে পরিশ্রম করে ফলানো সোনালি ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবতে পারেননি তারা।
কৃষক আব্দুল সালাম বলেন, এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে পানিতে ডুবে গেল। ধারদেনা করে ধান চাষ করেছিলাম। ভেবেছিলাম, ধান ঘরে তুলতে পারলে দেনা শোধ করব, পরিবারের খরচ মেটাব। কিন্তু এখন কীভাবে সেই ধারদেনা শোধ করব, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছি। কৃষক আল মুহিম বলেন, এ বছর ধানের ফলন খুব ভালো হয়েছিল। ফসল দেখে মনে অনেক আশা বেঁধেছিলাম। ভেবেছিলাম, এই আমন ধান বিক্রি করে ছেলেদের অনেক স্বপ্ন ও চাহিদা পূরণ করব। কিন্তু টানা বৃষ্টিতে সব স্বপ্ন পানির সঙ্গে মিশে গেল। এত কষ্টের ফসল এভাবে নষ্ট হয়ে যাবে, কখনো ভাবিনি।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, মাগুরা সদর উপজেলায় এবার ২৩ হাজার ৫৬৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৩ হাজার ৬৬৫ হেক্টর জমিতে।
এ বিষয়ে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের তথ্য কৃষকদের আগেই সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। ধান পেকে গেলে তা কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।






ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী 