বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
খুলনা জেলার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে এক ব্যতিক্রমী ও যুগান্তকারী কার্যক্রম। হাসপাতালকে জীবাণুমুক্ত রাখা এবং চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের সঙ্গে আসা দর্শনার্থীদের ওয়ার্ডে প্রবেশের পূর্বে জুতা খুলে প্রবেশ করতে হবে।
২৯ জুলাই বুধবার আনুষ্ঠানিকভাবে এ সময়োপযোগী পরিচ্ছন্নতা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে এই কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের সামগ্রিক পরিবেশ ও সেবার মান নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন,হাসপাতাল কেবল চিকিৎসার স্থান নয়, এটি একটি নিরাময় কেন্দ্র। বাইরে থেকে জুতা-স্যান্ডেলের সাথে আসা ধুলোবালি ও জীবাণু রোগীদের সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এই উদ্যোগের ফলে ওয়ার্ডের ভেতরের পরিবেশ যেমন পরিচ্ছন্ন থাকবে, তেমনই রোগ সংক্রমণের হারও অনেকাংশে কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ ফখরুদ্দীন আহমেদ, ডাঃ মোঃ আবু জাফর এবং নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত চিকিৎসক ও কর্মচারীরাও হাসপাতালের এমন ইতিবাচক পরিবর্তনের প্রশংসায় মুখর হন।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দর্শনার্থী ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, হাসপাতালের ওয়ার্ডে প্রবেশের সময় অনুগ্রহ করে নির্দিষ্ট স্থানে জুতা-স্যান্ডেল খুলে রাখুন। সেবাগ্রহীতা ও স্বজনদের একটু সচেতনতা ও সহযোগিতা একটি পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যকর হাসপাতাল গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাইকগাছাবাসীর জন্য নেওয়া এই আধুনিক ও প্রশংসনীয় উদ্যোগটি উপজেলার চিকিৎসাসেবায় এক নতুন মাইলফলক স্থাপন করবে বলে আশা করছেন সচেতন মহল।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 