মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
পাইকগাছা প্রতিনিধি; কয়েক বছর আগে পাইকগাছার জিরো পয়েন্টে বাস দুর্ঘটনায় হারিয়েছেন একটি পা। সেই থেকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই চলছে তাঁর জীবন। এবার পাঁচ বছর বয়সী জমজ দুই নাতনিকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে নিজেই হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন শান্তি বেগম (৫০)। খুলনার পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামে তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসিফ গাজী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শান্তি বেগম গোপালপুর গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন শান্তি বেগমের পাঁচ বছর বয়সী জমজ দুই নাতনি জান্নাতুল ও জাকিয়া এবং আসিফ গাজীর বাচ্চা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আসিফ গাজীর স্ত্রী এসে দুই শিশুকে মারধর করেন। বিষয়টি দেখে শান্তি বেগম প্রতিবাদ করতে গেলে আসিফ গাজী ছুটে এসে হাতুড়ি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তাঁর মুখ, গাল, চোয়াল ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শান্তি বেগমের বোনের ছেলের বউ বিলকিস খাতুন (২৫) অভিযোগ করে বলেন, তাঁর মেয়েরা খেলাধুলা করছিল। খেলার ছলে তাদের মধ্যে ঝগড়া হলে আসিফ গাজীর স্ত্রী দুই শিশুকে বাড়ির ভেতরে এসে মারধর করেন। সে সময় বাড়িতে পরিবারের অন্য কেউ ছিলেন না। তাঁর প্রতিবন্ধী শাশুড়ি এর প্রতিবাদ করলে আসিফ ছুটে এসে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এক পা হারানো তাঁর শাশুড়ির ওপর এমন হামলার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শান্তি বেগমের জ্ঞান ফিরেছে। তবে তিনি বমি করছেন। মাথায় আঘাত পাওয়ায় তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে সিটি স্ক্যান করা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে। সিটি স্ক্যান ছাড়া মাথার আঘাতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির জানান, এখনো পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এক পা হারিয়ে শারীরিক সীমাবদ্ধতার মধ্যে জীবনযাপন করা শান্তি বেগমের ওপর হামলার অভিযোগে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা 