মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » মুক্তমত » জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য
জগদ্ধাত্রী দেবীর রূপ ও আবির্ভাবের প্রতীকী তাৎপর্য
প্রকাশ ঘোষ বিধান
জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার (পার্বতী) অপর রূপ। জগতজননী দেবী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গারই একটি সত্ত্বগুণ সম্পন্ন ও মঙ্গলময়ী রূপ। জগদ্ধাত্রী শব্দের আক্ষরিক অর্থ হলো যিনি সমগ্র জগতকে ধারণ ও পালন করেন। সংস্কৃতে জগৎ শব্দের অর্থ ত্রিভুবন এবং ধাত্রী শব্দের অর্থ ধারণকর্ত্রী বা পালনকর্ত্রী।
দুর্গাপূজার ঠিক এক মাস পর হেমন্তকালে, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিকে বলা হয় দুর্গা নবমী। এই দিন জগদ্ধাত্রী দুর্গায় নমঃ - এই মন্ত্রে দেবী জগদ্ধাত্রীকে পূজা করা হয়। তবে দেবী জগদ্ধাত্রী পূজা একদিনেই তিনটি তিথির পূজা সম্পন্ন হয়। সকালে দেবী স্বাত্ত্বিক রূপে, মধ্যাহ্নে রাজসিক রূপে আর সন্ধ্যায় তামসীরূপে দেবী পূজা অনুষ্ঠিত হয়।
দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল কমলা বা রক্তাভ এবং তিনি রক্তবস্ত্র পরিহিতা। তাঁর গলায় নাগযজ্ঞোপবীত শোভা পায়। দেবী দুর্গার মতো তিনিও ত্রিনয়না, যেখানে তাঁর তিনটি চোখ চন্দ্র, সূর্য ও অগ্নির প্রতীক। তাঁর চারটি হাতের বাম দুই হাতে থাকে শঙ্খ ও শার্ঙ্গধনু এবং ডান দুই হাতে থাকে চক্র ও পঞ্চবাণ। দেবীর বাহন সিংহ একটি বিশালাকার হস্তীর ওপর দণ্ডায়মান থাকে। পুরাণ মতে, দেবী করীন্দ্রাসুর নামক হস্তীরূপী অসুরকে বধ করেছিলেন বলে তাঁকে করীন্দ্রাসুর মর্দিনী বলা হয়। এখানে হাতি হলো মানুষের অহংকার ও মত্ত মনের প্রতীক, যা দেবী দমন করেন।
দেবী জগদ্ধাত্রীর আবির্ভাবে রয়েছে একাধিক কাহিনি রযেছে। কাত্যায়নী তন্ত্র ও উপনিষদের আখ্যান অনুসারে, অসুর বধের পর দেবতারা নিজেদের শক্তির অহংকারে মত্ত হয়ে উঠেছিলেন।দেবতাদের এই দর্প বা অহংকার চূর্ণ করার জন্য দেবী তাদের সামনে প্রথমে এক যক্ষের বেশে আবির্ভূতা হন। তিনি দেবতাদের শক্তি পরীক্ষা করতে একটি সামান্য তৃণখণ্ড তাঁদের দিকে ছুড়ে দেন। দেবতারা হাজার চেষ্টাতেও সেই তৃণ সরাতে পারেননি। ইন্দ্র বজ্র দিয়ে সেই তৃণ ধ্বংস করতে ব্যর্থ হন। অগ্নিদেব সেই তৃণটিকে দগ্ধ করতে করতে পারলেন না। বায়ুদেব তৃণটিকে উড়িয়ে ফেলতে অসফল হলেন। এমনকী বরুণদেবও তৃণটিকে জলস্রোতে ভাসাতে পারেননি। দেবতারা তখন বুঝতে পারেন যে, তাঁদের শক্তিও দেবীর থেকেই এসেছে। এই ঘটনার পরেই তাঁদের সামনে চতুর্ভূজা জগদ্ধাত্রী রূপে প্রকাশিত হন পরমেশ্বরী। তিনি প্রমাণ করেন, তিনিই এই জগতের ধারিণী বা পালিকা শক্তি।
আরেকটি মত পাওয়া যায় শ্রীশ্রীচণ্ডীতে। এই মত অনুসারে, যুদ্ধের সময় মহিষাসুর হাতির রূপ ধারণ করেছিল। সংস্কৃতে হাতির আরেক নাম ‘করী’। হস্তীরূপী এই অসুরকে বধ করার জন্যই দেবী চতুর্ভুজা মূর্তিতে আবির্ভূতা হন। তিনি তাঁর চক্র দিয়ে সেই হাতির শুঁড় ছেদন করেন। দেবীর এই রূপটিই জগদ্ধাত্রী নামে পরিচিত। সেই কারণে দেবীর বাহন সিংহ একটি মৃত হাতির (করীন্দ্রাসুর) উপর দাঁড়িয়ে থাকে। তাই দেবীর আরেক নাম হল করীন্দ্রাসুর নিসূদিণী।
বাংলায় জগদ্ধাত্রী পূজার সূচনা কাল প্রায় অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি। জগদ্ধাত্রী পূজার উৎপত্তির ইতিহাসে রাজনৈতিক নাটকীয়তা বিদ্যমান। কিংবদন্তি অনুসারে নদীয়া রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলায় জগদ্ধাত্রী পূজার সূচনা করেন। বাংলার নবাব আলিবর্দি খাঁর রাজত্বকালে তিনি নদীয়ার রাজার কাছে বারো লক্ষ টাকা নজরানা দাবি করেন। সেই নজরানা দিতে অপারগ হলে কৃষ্ণচন্দ্র রায়কে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যান। সেই সময়টা নাকি দুর্গোৎসবের কাছাকাছি সময় ছিল। রাজা কৃষ্ণচন্দ্র নবাবের কারাগারে দুর্গাপূজার সময় কাটান। যখন কারাগার থেকে মুক্তি পান, সেদিন ছিলো দুর্গাপূজার শেষের সময়। নৌকা করে কৃষ্ণনগর ফেরার পথে রাজা বুঝলেন, সেই দিনটি বিজয়া দশমী। দূর্গা পুজোয় উপস্থিত থাকতে না পারায় রাজা অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েন।
এই সময় স্বয়ং দেবী নাকি তাঁকে কার্তিক মাসের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন করার নির্দেশ দান করেন। ঐতিহাসিক মতে, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে দেবীকে যে মূর্তিতে দর্শন করেন, সেই মূর্তিকেই প্রতিষ্ঠা করে তিনি জগদ্ধাত্রী পূজার আয়োজন সম্পন্ন করেন। বলা হয়ে থাকে এই পূজার মাধ্যমেই বাংলায় জগদ্ধাত্রী পূজার সুচনা হয়। পরে তাঁর অনুপ্রেরণায় ইন্দ্রনারায়ণ চৌধুরী হুগলির চন্দননগরে এই পূজা শুরু করেন।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট






সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব
সাংবাদিক মিথ্যা বলেনা কথাটি কবে সত্যি হবে
জলবায়ু সংকট মূলত পানির সংকটে রুপ নিচ্ছে
চটকদার সাংবাদিকতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে
আলো ও উৎসবের এক মহামিলন দীপাবলি
ভ্রাতৃদ্বিতীয়া; ভাই ও বোনের অকৃত্রিম ভালোবাসার প্রতীক
উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি হবে
সুন্দরবনকে ভালো রাখতে হলে মানুষের লোভ কমাতে হবে 